Friday, May 17, 2019

তিন পার্বত্য জেলায় বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পুর্ণিমা উদযাপিত

রাঙামাটিতে বুদ্ধ পুর্ণিমা উদযাপন


চাকমা মিডিয়া ডেস্ক
 
গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ এই তিনটি ঘটনা সম্বলিত বৈশাখি পুর্ণিমা-ই বুদ্ধ পুর্ণিমা হিসেবে পরিচিত। প্রতি বছরের ন্যায় এ বছরও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ-এর উদ্যোগে ও দায়ক-দায়িকাদের অংশগ্রহণে পালিত হল শুভ বুদ্ধ পুর্ণিমা। আজ ১৭ মে ২০১৯ পার্বত্য ভিক্ষু সংঘ রাঙামাটি পৌর ও সদর শাখা ও এর আওতাধীন বিভিন্ন বিহারের দায়ক-দায়িকাদের অংশগ্রহণের মাধ্যমে রাঙামাটি আনন্দ বিহারে উদযাপিত হয় সর্বজনীন বুদ্ধ পুর্ণিমা উৎসব। বৈশাখি(বুদ্ধ পুর্ণিমা) উদযাপন পরিষদের আয়োজনে সকাল ৭.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি আরম্ভ করে তবলছড়ি আনন্দ বিহারে গিয়ে শেষ হয়। এর আগে ২৯৯ নং রাঙামাটি আসনের সাংসদ বাবু দীপংকর তালুকদার শোভাযাত্রাটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রিয় সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের, কেন্দ্রিয় সম্পাদক ভদন্ত শুভদর্শী মহাথের, বুদ্ধ পুর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ও পাভিসবার পৌর-সদর শাখার সভাপতি ভদন্ত পুণ্যজ্যোতি মহাথের, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি বাবু প্রকৃতি রঞ্জন চাকমা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগে থেকে খবরে আসা জঙ্গি হামলার আশংকায় জনমনে চাপা আতংক বিরাজ করায় বিগত বছরগুলোর চাইতে কম সংখ্যক দায়ক-দায়িকার অংশগ্রহণ দেখা গেছে। যদিও প্রশাসন থেকে আতংকিত না হবার কথা জানানো হয়েছে। তারপরেও সাহসিকতার সাথে অনেকের অংশগ্রহণের মাধ্যমে দিনটি সুন্দর ও নিরাপদভাবে উদযাপিত হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত পুলিশবাহীনি বরাবরের মত তাঁদের দায়িত্ব পালন করেছেন। এজন্য আয়োজক কমিটির পক্ষ হতে তাঁদের কৃতজ্ঞতা জানানো হয়।
র‌্যালি শেষে সকাল ৯.০০টায় আনন্দ বিহার দেশনালয়ে পঞ্চশীল গ্রহণ ও সংঘদানের মাধ্যমে একটি ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বুদ্ধ পুর্ণিমা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত নাইন্দাসারা থের। আলোচনায় অংশ গ্রহণ করেন বাবু প্রকৃতি রঞ্জন চাকমা, ট্রাস্টি দীপক বিকাশ চাকমা, ভদন্ত শীলপাল থের, ভদন্ত বুদ্ধদত্ত মহাথেরসহ অন্যান্যরা। আলোচনায় তথাগত বুদ্ধের অসাম্প্রদায়িক শিক্ষাকে অনুধাবনের তাগিদ দিয়ে বিশ্বশান্তি কামনা করা হয়। সভাপতি বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনা সভা শেষে গত ১৫ মে ধর্মীয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
বাঘাইছড়িতে বুদ্ধপুর্ণিমা উদযাপন
 এদিকে রাঙামাটি জেলার কাউখালি, লংগদু, বাঘাইছড়িসহ বিভিন্ন উপজেলায় পার্বত্য ভিক্ষু সংঘের উদ্যোগে সর্বজনীনভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বুদ্ধপুর্ণিমা উদযাপন করা হয়েছে। বাঘাইছড়ি থেকে পাঠানো তথ্যে দিনব্যাপি অনুষ্ঠানে প্রথম পর্বে সকাল ৭.৩০টায় উপজেলা মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা আরম্ভ হয়ে তুলাবান বিহারে গিয়ে শেষ হয়। এর আগে শোভাযাত্রাটি উদ্বোধন করেন বিজিবি কমাণ্ডার লে. কর্ণেল মাহাবুবুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বাঘাইছড়ি থানার ওসি উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে তুলাবান বিহারে দায়ক-দায়িকাদের পক্ষে পঞ্চশীল গ্রহণের মাধ্যমে সংঘদান করা হয়। বিকাল বেলা ধর্মীয় আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
লংগদুতে বুদ্ধ  পুর্ণিমা উদযাপন

লংগদু উপজেলায় সকাল ৮.৩০টায় বাত্যেপাড়া শান্তি কাউন্টার হতে শোভাযাত্রাটি আরম্ভ হয়ে লংগদু সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রার উদ্বোধক হিসেবে ছিলেন লংগদু ভিক্ষু সংঘের প্রধান উপদেষ্টা ভদন্ত যমুনাতিষ্য মহাথের। প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত উ পঞ্ঞাদীপ থের।
 
দীঘিনালায় বুদ্ধ পুর্ণিমা উদযাপন
বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনটিকে উদযাপন করা হয়েছে। দীঘিনালা হতে পাঠানো খবরে পার্বত্য ভিক্ষু সংঘ দীঘিনালা শাখার উদ্যোগে উপজেলার লারমা স্কয়ার থেকে শোভাযাত্রা বের হয়ে থানা বাজার প্রদক্ষিণ করে কামাকুছড়া ধর্মাংকুর বিহারে গিয়ে শেষ হয়। এর আগে সকাল সাড়ে সাতটায় বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান তাপস। পরে উদালবাগান সংঘরত্ন বৌদ্ধবিহারাধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সভার উদ্বোধনী কেক কাটেন পাভিসবা কেন্দ্রিয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত করুণাবংশ থের, দীঘিনালা ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক ভদন্ত লোকমিত্র থের ও প্রধান অতিথি লে. কর্ণেল আসাদুজ্জামান তাপস। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) উত্তম চন্দ্র দেব, বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা।
বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায়ও আজ শোভাযাত্রাসহকারে পবিত্র বুদ্ধ পুর্ণিমা উদযাপন করা হয়েছে।

No comments:

Post a Comment

বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে পার্বত্য জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাকমা মিডিয়া ডেস্ক ১১ মে ২০২৫, রবিবার ১০ মে ২০২৫ রাঙামাটিতে শুভ বুদ্ধ পুর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি...