Tuesday, May 21, 2019

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে- ঊষাতন তালুকদার


চাকমা মিডিয়া ডেস্ক : 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রিয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন- পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এখন অরাজকতার মধ্যদিয়ে যাচ্ছে। উপনিবেশি কায়দায় পার্বত্য চট্টগ্রামকে পরিচালিত করা হচ্ছে। বর্তমান অস্থিতিশীল পরিবেশের কারণে জনমনে চাপা আতংক বিরাজ করছে। এক শ্রেণীর সরকারি কর্মচারী চাকরি করতে এসে পরিবেশ পরিস্থিতি অশান্ত করে তুলছেন। কোন ঘটনা ঘটলেই যাকে তাকে মিথ্যা মামলা দিয়ে আসামী সাজিয়ে গ্রেফতার করা হয়। পাহাড়ের মানুষ এখন গ্রেফতার আতংকে রয়েছে।

ঊষাতন তালুকদার প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, পাহাড়ে মানুষ বাংলাদেশী, তার বিচ্ছিন্নতাবাদী নয়। সুতরাং পাহাড়ের অধিবাসীদের মিথ্যা অপবাদ দিয়ে দূরে ঠেলে দেবেন না। পাহাড়ি জনগোষ্ঠীরা কোনদিন জুম্মল্যান্ড বা স্বাধিনতা চাইনি। তারা সাংবিধানিক স্বিকৃতি নিয়ে বাঁচতে চেয়েছে, এখনও তাই চাই। তিনি আরো বলেন- রাজাকারদের নিয়ে চলাফেরা বন্ধ করে জনগনের মনকে জয় করে চলুন। পার্বত্য চট্টগ্রাম সর্ম্পকে সঠিক তথ্য সরকারকে দিন, কারন আপনারা চাকরি করতে আসলেও সরকারের প্রতিনিধিত্ব করছেন। সরকারকে ভুল তথ্য দিবেন না, সঠিক তথ্য দিন।

সোমবার রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম কাউন্সিলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

"জুম্ম জাতীয় স্বার্থ পরিপন্থী ও চুক্তি বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নের মধ্যদিয়ে আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনই হোক ছাত্র সমাজের দৃপ্ত প্রত্যয়" এ শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ ছাত্র মৈত্রী সংসদের সভাপতি আলিফ উদ্দিন আহ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, সাহিত্যিক শিশির চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি শাখার সভাপতি আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সসমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন পিসিপির আন্তর্জাতিক বিষয়ক সসম্পাদক নিপুণ ত্রিপুরা।

এর আগে প্রধান অতিথি ঊষাতন তালুকদার জাতীয় পতাকা ও বেলুন এবং জুয়েল চাকমা কর্তৃক সংগঠনের  পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করা হয়। কেন্দ্রিয় কাউন্সিলে তিন পার্বত্য জেলা থেকে প্রায় তিনশত জন নেতাকর্মী অংশ নেন।

দিনব্যাপী অনুষ্ঠানে  সকাল পর্বে আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমানে পার্বত্য চট্টগ্রামে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। জন জীবন নিরাপত্তাহীনতায় অতিবাহিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে  দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। তাই এ থেকে উত্তরণের জন্য  ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে  ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাসহ পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে  হবে।

সভাপতি জুয়েল ও সাধারন সম্পাদক পুননির্বাচিত :
বিকেলের অধিবেশনে কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জুয়েল চাকমাকে সভাপতি ও রামভাই পাংখোয়াকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে  সাংগঠনিক সম্পাদক হিসেবে নিপুণ ত্রিপুরাকে নির্বাচিত করা হয়। অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রিয় সহ-সাধারণ সম্পাদক গুণেন্দু বিকাশ চাকমা। নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান বিদায়ী কমিটির সহ-সভাপতি ক্লিন্টন চাকমা।                      

No comments:

Post a Comment

বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে পার্বত্য জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাকমা মিডিয়া ডেস্ক ১১ মে ২০২৫, রবিবার ১০ মে ২০২৫ রাঙামাটিতে শুভ বুদ্ধ পুর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি...