Tuesday, August 27, 2019

ভিক্ষু হত্যার প্রতিবাদে পার্বত্য ভিক্ষু সংঘের মানববন্ধন

মানববন্ধনে পার্বত্য ভিক্ষুসংঘ

চাকমা মিডিয়া ডেস্ক

অমৃতানন্দ ভিক্ষুর হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, বৌদ্ধভিক্ষুদের নিরাপত্তা নিশ্চিতকরাসহ পাঁচটি দাবি নিয়ে মানববন্ধন করে পার্বত্য ভিক্ষু সংঘ। আজ ২৭ আগস্ট ২০১৯ দুপুর ২ টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে ভিক্ষুসংঘ ছাড়াও সচেতন দায়কদায়িকারা অংশগ্রহন করেন।
একঘন্টা ব্যাপি মানববন্ধনে ভিক্ষুসংঘের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক লোকমিত্র থেরো’র সঞ্চালনায় ও সংঘের কেন্দ্রীয় সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরো’র সভাপতিত্বে কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ভদন্ত সুগতলংকার থেরো, ভদন্ত করুনানন্দ ভিক্ষু ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভদন্ত শুভদর্শী মহাথেরো বক্তব্য প্রদান করেন। বক্তারা পার্বত্যচট্টগ্রামসহ সারা দেশে শান্তিপ্রিয় বৌদ্ধভিক্ষুদের বিভিন্নভাবে হয়রানি, লাঞ্ছনা এমনকি নির্মমভাবে হত্যা করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী  কাছে এর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

বক্তারা আরও বলেন বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন নিরাপদে চলতে পারে তার নিশ্চয়তা বিধান সরকারকে করতে হবে। এভাবে কারোর অপমৃত্যু আমরা চাই না। যারা দুষ্কৃতিকারী তারা চায় দেশ ভালোভাবে না চলুক। অসাম্প্রদায়িকতার মেইলবন্ধন ছিন্ন হোক। নাগরিক মনে আতংক সৃষ্টি করে তারা সরকারকে জনরোষে ফেলতে চায়। কিন্তু সরকার যদি এ বিষয়ে সচেতন না থাকে তাহলে সত্যিকারভাবে জনগণ আস্থাহীনতায় ভূগবে এতে কোন সন্দেহ নেই।

তাঁরা আরও বলেন শান্তিপ্রিয় ভিক্ষুদের এখন বর্ষাবাস চলছে। নিভৃতে সাধনা ও অধ্যায়নের মাধ্যমে তারা দিনাতিপাত করে চলেছে। কিন্তু দুর্ভাগ্য হল অমৃতানন্দ ভিক্ষুকে হত্যা করার মাধ্যমে সমগ্র ভিক্ষু সমাজকে আঘাত করা হয়েছে বিধায় আজকে শান্তিপ্রিয়, মৈত্রীবিহারি ভিক্ষুরা সাধনা, অধ্যায়ন ফেলে মাঠে নেমে মানববন্ধন করে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছে।

পরিশেষে, স্মারকলিপি পাঠ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট কুমিল্লা,  রেললাইন সংলগ্ন গোমতি নদীর তীর থেকে অমৃতানন্দ ভিক্ষুর লাশ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখে বুঝা যায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

No comments:

Post a Comment

বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে পার্বত্য জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাকমা মিডিয়া ডেস্ক ১১ মে ২০২৫, রবিবার ১০ মে ২০২৫ রাঙামাটিতে শুভ বুদ্ধ পুর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি...