Chakma Media
১০ ডিসেম্বর ২০১৯
পার্বত্য ভিক্ষুসংঘের মহামান্য ৩য় সংঘরাজ, সংঘরাজ অভয়তিষ্য পালি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, অভয়তিষ্য শিশু সদনের প্রতিষ্ঠাতা, শিজকমুখ সর্বজনীন বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ভদন্ত অভয়তিষ্য মহাথেরোর তিনদিন ব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান মহাসমারোহে শুরু হয়েছে। গতকাল সোমবার ৯ ডিসেম্বর দুপুর ১ ঘটিকায় ভান্তের মরদেহ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ভিক্ষুসংঘ ও উপজেলার বিভিন্ন এলাকার দায়ক-দায়িকাদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শিজক থেকে উপজেলা সদর হয়ে তুলাবান বারিন্দুঘাট ঘুরে জীবংগাছড়া, জীবতলি ও বাঘাইছড়ি হয়ে সন্ধ্যা ৬টা নাগাদ শিজক কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে ভিক্ষুসংঘের অনিত্য ভাবনা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভান্তের মরদেহটি নির্বাণ ঘরে রাখা হয়।
মূলত তিনদিন ব্যাপী অনুষ্ঠানের মূল কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয় আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার থেকে। প্রথম দিনের দিনব্যাপী অনুষ্ঠানে সকালের পর্বটি সকাল ৯:৩০ ঘটিকায় জাতীয় ও বুদ্ধ পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। উদ্বোধক ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সাদামনের মানুষ উপসংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরো। ভদন্ত শীলপাল থেরো'র সঞ্চালনায় পাভিসবা'র সাবেক সভাপতি ভদন্ত সুমনালংকার মহাথেরো'র সভাপতিত্বে বিশেষ অতিথি প্রাক্তন জেলা জজ দীপেন দেওয়ান ও প্রধান ধর্মদেশক হিসেবে ভদন্ত সুগতলংকার থেরো, ভিক্ষুসংঘের কেন্দ্রিয় কমিটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরো, সাধারণ সম্পাদক ভন্দন্ত শুভদর্শী মহাথেরোসহ বিভিন্ন উপজেলা থেকে আসা সংঘ প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েক হাজার পুণ্যার্থী সমাগমে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও পিন্ডদানসহ বিবিধ দান করা হয়।
ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষুর মঙ্গলাচরণ পাঠের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল ২টায়। ভদন্ত সুগত লংকার থেরো'র সঞ্চালনায়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভদন্ত কল্যাণমিত্র মহাথেরো, সভাপতি পাভিসবা বাঘাইছড়ি উপজেলা শাখা। প্রধান ধর্মদেশক বিদর্শনাচার্য ভদন্ত তেজবংশ মহাথেরো, প্রধান অতিথি সাবেক উপমন্ত্রী বাবু মণিস্বপন দেওয়ান ও বিশেষ অতিথি হিসেবে কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ বাবু দেবপ্রসাদ দেওয়ানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিজক সর্বজনীন বৌদ্ধবিহার পরিচালনা কিমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বাবু সুভাষ কান্তি চাকমা। সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্জ্বলন ও বৌদ্ধ কীর্তন পরিবেশন করা হয়।
প্রসঙ্গত ২২ ফেব্রুয়ারি ২০১৯ সংরাজ অভয়তিষ্য মহাথেরো বার্ধক্যজনিত কারণে নিজ বিহারে প্রয়াণ লাভ করেন। দীর্ঘ প্রায় একবছর পেটিকাবদ্ধ অবস্থায় রাখার পর আনুষ্ঠানিকভাবে ভান্তের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। আগামী কাল ও পরশু (১১ ও ১২ ডিসেম্বর) পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

No comments:
Post a Comment