চাকমা মিডিয়া ডেস্ক
২৮ মার্চ ২০২৫, শুক্রবার
সময় : ২২:৪০
খাগরাছড়িতে পনেরদিন ব্যাপী বৈসু-সাংগ্রাই-চাংক্রান-বিঝু-বিষু-বিহু-পাতা মেলার উদ্বোধন হয়েছে আজ। খাগরাছড়ি স্লুইস গেইট ও নিউজিল্যান্ড সড়ক সংলগ্ন মাঠে 'বৈসু-সাংগ্রাই-চাংক্রান-বিঝু-বিষু-বিহু-পাতা উদযাপন কমিটি'র উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও আভ্যন্তরীন উপজাতীয় উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান দাঙ্গু সুদত্ত বিকাশ চাকমা। শুরুতে তিনি ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। চাকমা, মারমা এবং ত্রিপুরাসহ বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে ডিস্প্লে প্রদর্শন করা হয়।
ডিস্প্লে পরিবেশন শেষে মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন উদ্যোক্তাদের স্টল ঘুরে দেখেন উদ্বোধক মহোদয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে 'বৈসু-সাংগ্রাই-চাংক্রান-বিঝু-বিষু-বিহু-পাতা উদযাপন ২০২৫ কমিটি'র আহ্বায়ক দাঙ্গু রবিশংকর তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব এবং প্রত্যাগত উপজাতীয় শরনার্থী ও আভ্যন্তরীন উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান দাঙ্গু সুদত্ত চাকমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরা কল্যাণ সংস্থার সভাপতি দাঙ্গু কমল বিকাশ ত্রিপুরা, মারমা উন্নয়ন সংসদের সভাপতি দাঙ্গু নিঅং মারমা, মারমা ঐক্য পরিষদের সভাপতি দাঙ্গু ম্রাসাথোয়াই মারমা, খাগরাছড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য দাঙ্গু অনিমেষ চাকমা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দাঙ্গু প্রিয় কুমার চাকমা, বাঘাইছড়ি উপজেলার প্রাক্তন চেয়ারম্যান দাঙ্গু সুদর্শন চাকমা, পানছড়ি উপজেলার প্রাক্তন চেয়ারম্যান দাঙ্গু সর্বোত্তম চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলার প্রাক্তন চেয়ারম্যান দাঙ্গু সুপারজ্যোতি চাকমা, দীঘিনালা উপজেলার প্রাক্তন চেয়ারম্যান দাঙ্গু ধর্মজ্যোতি চাকমাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
![]() |
| ছবি : ফিতা কেটে মেলা উদ্বোধন করছেন দাঙ্গু সুদত্ত বিকাশ চাকমা |
আলোচনা সভার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির সদস্য সচিব দাঙ্গু প্রত্যয় চাকমা। তিনি বলেন এ মেলা একটি সম্প্রীতির মিলন মেলা। আয়োজক কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানান।
অন্যান্য বক্তারা স্ব স্ব ভাষা, কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের কথা উল্লেখ করে মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জাতিসত্বাদের সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে দলমত নির্বিশেষে কাজ করে যাওয়ার করা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে দাঙ্গু সুদত্তবিকাশ চাকমা বলেন- শান্তির জন্য দরকার যোগাযোগ এবং সম্প্রীতি। এই মেলা আয়োজনের মাধ্যমে সেই সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি হয়েছে। এই বন্ধন সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। তিনি মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের ব্যবসা এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা প্রদানের কথা বলেন।
পরে সভাপতি বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

No comments:
Post a Comment