Sunday, September 8, 2019

কানাডায় পার্বত্য আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে অংশগ্রহণকারী আদিবাসীরা

চাকমা মিডিয়া ডেস্ক

কানাডার ওন্টারিও ব্রাউন্স বে পার্কে গত ৩১ আগস্ট হয়ে গেল উত্তর আমেরিকা প্রবাসী পার্বত্য আদিবাসীদের তৃতীয় বার্ষিক সম্মেলন। বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগান, বোস্টন এবং কানাডার টরন্টো, মন্ট্রিয়ল, আলবার্তা ও অটোয়া শহর থেকে প্রবাসী বাংলাদেশি চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যা আদিবাসীরা অংশ নেয়।
অনুষ্ঠানে আদিবাসী নারীরা তাঁদের স্ব স্ব জাতীয় পোশাক পরিধান করে আসেন। যেন তাঁরা সবাই তাঁদের পিতৃভূমি পার্বত্য চট্টগ্রামকে মনে মনে ফিরে পেয়েছিলেন।

সিএইচটি ইন্ডিজেনাস পিপলস কাউন্সিল অব কানাডা সম্মেলনটি আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন ড. আদিত্য কুমার দেওয়ান, রাজকুমারী চন্দ্রা কালিন্দী রায়, নিরুপা দেওয়ান, মংসাথোয়াই চৌধুরী, অজয় ত্রিপুরাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা সকলে একমত পোষণ করে বলেন যে, একতাই আদিবাসীদের অস্তিত্ব সংকট থেকে মুক্তির উপায়।

আদিত্য কুমার দেওয়ান বলেন, চাকমা ভাষায় একটা প্রবাদ আছে, “জাদে জাত তোগায়, কাঙারা গাত তোগায়” অর্থাৎ জাতি জাতিকে খোঁজে আর কাঁকড়া গর্ত খোঁজে। আমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারব। অন্য কেউ নয়। তাই ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।
চন্দ্রা কালিন্দী রায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন- এ সম্মেলন সত্যিই আমাদের ঐক্যবদ্ধভাবে বাস করা এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে। এমন ভালো ও সুন্দর জুম্ম মিলনমেলা আয়োজন অব্যাহত থাকুক।

বাংলাদেশ থেকে আসা মানবাধিকারকর্মী নিরুপা দেওয়ান উত্তর আমেরিকাপ্রবাসী জুম্মদের একতা দেখে আনন্দ প্রকাশ করেন। এ ছাড়া অন্য বক্তারা তাঁদের উদ্দীপনামূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উদ্বেলিত করেন।
সিএইচটি ইন্ডিজেনাস পিপলস কাউন্সিল অব কানাডার সভাপতি প্রীতি চাকমা বলেন, ‘আমাদের সামনের লক্ষ্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা ও আদিবাসী ছেলেমেয়েদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা।’

অনুষ্ঠানে শিশুদের জন্য বিস্কুটদৌড় ও মারবেলদৌড় এবং নারীদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়।

পরে চাকমা, মারমা, ত্রিপুরা ও বাংলা গানের মিশ্রনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

No comments:

Post a Comment

বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে পার্বত্য জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাকমা মিডিয়া ডেস্ক ১১ মে ২০২৫, রবিবার ১০ মে ২০২৫ রাঙামাটিতে শুভ বুদ্ধ পুর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি...